হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উদযাপিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষিবিদ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে দিবসটি মহাসমারোহে উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজের সঞ্চালনায় প্রশাসনিক ভবনের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বিধান চন্দ্র হালদার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি প্রধান দেশে কৃষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তিনি তার গঠিত পরিকল্পনা কমিশনে কৃষিবিদদের অন্তর্ভুক্ত করেন। তিনি ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা ঘোষণা দেন। এজন্য আমরা সকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।