স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি

শিক্ষার উপর বাণিজ্যিক-সাম্প্রদায়িক আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানায় জোটের নেতৃবৃন্দ।

সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণআন্দোলনের একটি অন্যতম অধ্যায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি। মজিদ খান শিক্ষা কমিশন প্রণীত সাম্প্রদায়িক ও বাণিজ্যিক শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে এদিন সারাবাংলার ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল জাফর, জয়নাল, দীপালি, কাঞ্চনসহ নাম না জানা অগণিত শহীদদের। আন্দোলনের চাপে এরশাদ সরকার তার বাণিজ্যিক, সাম্প্রদায়িক শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনা বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষানীতিও সেই এরশাদের শিক্ষানীতির পথেই হাঁটছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন আর বড় বড় মানুষের মত মানুষ হতে শেখায় না। শিক্ষা চলছে টাকা যার শিক্ষা তার এই নীতিতে। মৌলবাদী গোষ্ঠীকে তোষণ করে পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে।

জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ-মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ স¤পাদক রাজীব কান্তি রায়।

দিবসটি উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে রোকেয়া হল, শামসুন্নাহার হল, শাহবাগ মোড় হয়ে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে, সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে শহীদদের স্মরণে নির্মিত শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জোট নেতৃবৃন্দ।

শিক্ষা অধিকার চত্বরে বিভিন্ন ছাত্র সংগঠনের শ্রদ্ধা নিবেদন
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন এরশাদ সরকারের মজিদ খান শিক্ষানীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)সহ বিভিন্ন ছাত্র সংগঠন।