শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়ন

শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহী করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতো ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকদের সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এ বছর থেকেই মাসিক বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান শাহনাজ পারভীন।

স্নাতকে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদেরকে এই সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে গবেষণায় আগ্রহী ৩৫ জন শিক্ষার্থী এই গবেষণা বৃত্তির আওতায় গবেষণায় নিয়োজিত রয়েছে। বিভাগের চেয়ারম্যান শাহনাজ পারভীন জানিয়েছেন, মূলত গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়নে বৃত্তি প্রদান করার মূল উদ্যোক্তা ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোহাম্মদ জয়নুল আবেদীন মুরাদ।

কেন এই উদ্যোগ জানতে চাইলে সহযোগী অধ্যাপক জয়নুল আবেদীন বলেন, 'আমি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে পিএইচডি ডিগ্রি অর্জনসহ উচ্চশিক্ষা গ্রহণ করেছি। বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা করার জন্য বেসরকারি বা সরকারি খাত থেকে নির্ধারিত অর্থ পেয়ে থাকে। কিন্তু আমাদের দেশে গবেষণায় আগ্রহী সকল শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ একেবারেই অপ্রতুল। এজন্য  আপাতত আমাদের ব্যক্তিগত অর্থায়নে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ এবং দিক নির্দেশনাসহ মাসিক বৃত্তি প্রদান করার চিন্তা করি। এ লক্ষ্যে গত বছরের নভেম্বরে গবেষণায় আগ্রহী দু'জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই, এ বছর থেকে আগ্রহী শিক্ষার্থীদের প্রতি মাসে বৃত্তি প্রদান করা হবে। ইতোমধ্যে আমাদের গবেষণা টিমের সাথে যুক্ত হয়েছে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৩৫ জন গবেষণা অনুরাগী শিক্ষার্থী। আমরা আশা করছি এই শিক্ষার্থীরাই এক সময় দেশ এবং দেশের বাইরে তাদের গবেষণার মাধ্যমে খ্যাতি অর্জন করবে।'

একই বিভাগের সহকারী অধ্যাপক রনি কুমার দত্ত বলেন, 'আমরা চাই আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষ করে শুধুমাত্র বিসিএসের দিকে না ঝুঁকে গবেষণায় আগ্রহী হোক। কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং অর্থাভাবে তারা এদিকে সচারাচর এগিয়ে আসে না। এজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।'

এদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। তিনি বলেন, 'শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়ন অত্যন্ত ভালো লাগার মতো একটি ব্যাপার। আমি তাদের এমন যুগোপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের যদি সহযোগিতা করার মতো কিছু থাকে তাহলে অবশ্যই করবো।'