বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা এবং প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, 'মেধাবী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ঘৃণ্য হামলায় ছাত্রসমাজ গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং শঙ্কিত। দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের ওপর নির্মম হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কর্তৃক শিক্ষার্থীদের উপর পূর্বের হামলা সমূহের বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে হবে।'
উল্লেখ্য, বরিশাল নগরীর রূপাতলী হাউজিংয়ে রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে হামলা চালানোর অভিযোগ ওঠে রূপাতলী স্ট্যান্ডের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এতে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়।