চবিতে ‘উইমেন ইন সাইন্স অন ক্যানভাস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী বিজ্ঞানের অগ্রযাত্রায় নারীদের অবদানকে স্মরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি (সিইউএস‌এস) আয়োজিত ‘উইমেন ইন সাইন্স অন ক্যানভাস’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। নারীদের প্রতি সংকীর্ণ মনোভাব দূর করা এবং বর্তমান প্রজন্মের নারীদের বিজ্ঞানের অগ্রযাত্রায় গবেষণার জন্য উদ্বুদ্ধ করা ও অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে এই আয়োজন করে সংগঠনটি।

শনিবার (১৩ মার্চ) এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত  প্রতিযোগিতাটি আয়োজিত হয়। এতে বিভিন্ন স্থানের ১১টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সিইউএসএসের যোগাযোগ সম্পাদক হোসেন মোহাম্মদ বায়েজিদ বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিযোগিতায় হাতে আঁকা চিত্রণ এবং ভেক্টর চিত্রণ পৃথকভাবে মূল্যায়ন করা হয় এবং দুটো ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হয়। হাতে আঁকা চিত্রণ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সিমরান বিনতে সামাদ এবং রানার্সআপ হয়েছেন পালি বিভাগের পঙ্কজ চাকমা। আর ভেক্টর চিত্রণ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের জান্নাতুল নাঈমা এবং রানার্সআপ হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের অনামিকা দাস।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক সুব্রত দাস এবং অতিথি বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সাবেক সভাপতি মো. মিফতাহ মুশফিক এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অপু।’

হোসেন মোহাম্মদ বায়েজিদ বলেন, ‘প্রতি বছর ১১ ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে ‘ইন্টারন্যাশনাল ডে অব উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স' দিবসটি পালিত হয়। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি ‘উইমেন ইন সায়েন্স অন ক্যানভাস’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির আয়োজন করেছে।’