বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শাবিতে নানা কর্মসূচি পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। তন্মেধ্যে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণসমূহ ও দেশাত্বকবোধক গান প্রচার, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সেন্টারে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। পরে বঙ্গবন্ধু চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ পরিচালিত স্কুল ‘কিন স্কুল’ এর শিশুদের মাঝে টি-শার্ট বিতরণ করেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত জীবন ও সংগ্রামের সোনালী ফসল আমাদের এই বাংলাদেশ। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। তারই আদর্শ লালন করে মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার মহান দায়িত্ব পালন করছেন। আমাদের চারপাশে স্বাধীনতা বিরোধী শক্তি এবং পাকিস্তানি দালাল গোষ্ঠী ঘাপটি মেরে বসে আছে। তাদের প্রতিহত করতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।