শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২১ মার্চ) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, 'বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার যে ঘটনা বা ইতিহাস সেসব থেকে দেখা যায়, বিভিন্ন ঘটনায় কোনও যৌক্তিকতা ছাড়াই হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে এ ধরনের হামলা হচ্ছে। সব থেকে উদ্বেগজনক হলো, এগুলো বন্ধ হচ্ছে না। এর কারণ উদাহরণযোগ্য কোনও বিচার হচ্ছে না। আরেকটি বিষয় লক্ষণীয়, যে মৌলবাদী গোষ্ঠীগুলোর ইন্ধনে এ ঘটনাগুলো ঘটছে, তারা কি কোনও বিশেষ স্বাধীনতা ভোগ করছে কি-না।’

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সজল চন্দ্র মজুমদার বলেন, 'সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বিচারহীনতার কারণে। মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে।'

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, 'আজকে কোথায় নুরু বাহিনী? দেশের যেকোনো ক্রান্তিলগ্নে তাদের দেখা মেলে না। কিন্তু গোলযোগ সৃষ্টি করে তারা শান্তি বিনষ্ট করতে পারদর্শী। সুনামগঞ্জের ঘটনা দেশবাসী জানে।'