মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন।
শুক্রবার (২৬ মার্চ) সকালে ক্যাম্পাসের কলাভবনে অবস্থিত মুজিবমঞ্চে উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাওয়া হলেও বিশেষ নিরাপত্তার কারণে ফিরে আসা হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, লিও ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুজিবমঞ্চে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, 'আমাদের এগিয়ে যেতে হবে। মুজিব আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রত্যেকেই নিজ নিজ যায়গা থেকে কাজ করে যাবো।'
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয় জবিতে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য '৭১'র গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্ততি' ভাস্কর্য প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন কর হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর মোস্তফা কামাল, হল প্রোভোস্ট ড. শামীমা বেগম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যায় প্রেসক্লাবর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।