চতুর্থ বর্ষে কুবি প্রেসক্লাব

'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যায়ে কর্মরত সাংবাদিকদের এই সংগঠন ২০১৮ সালে যাত্রা শুরু করে।

তবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ভাটা পড়েছে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে। রবিবার (৪ এপ্রিল) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো কনটেস্ট ও লেখা আহ্বানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।

চতুর্থ বর্ষে পদার্পণ সম্পর্কে সংগঠনের সভাপতি ও ঢাকা টাইমসের প্রতিনিধি মাহফুজ কিশোর বলেন, '২০১৮ সালের ৪ এপ্রিলে শুরু। দেখতে দেখতে সাফল্যের ৩ বছর পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো প্রিয় সংগঠনটি।  মূলধারার সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতির কল্যাণে নিবেদিত থেকেই আমরা কাজ করে যেতে চাই।'

সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির বাংলা ট্রিবিউনের প্রতিনিধি শাহরিয়ার নোবেল বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকতা মূলত শেখার জন্য। মোহ ও লোভের বাইরে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষানবিশ সাংবাদিকদের একটি মিলনমেলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। নৈতিকভাবে সাংবাদিকতা অনুশীল লক্ষ্য নিয়ে প্রেস ক্লাব সামনে এগিয়ে যাবে এটিই প্রত্যাশা।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।