শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ছাত্র ফ্রন্টের

অবিলম্বে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা এবং করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)।

শুক্রবার (১৩ আগস্ট) বিকাল পৌনে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশ সংগঠন কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, "আমরা তিন দফা দাবি নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। ছাত্রদের বেতন-ফি মওকুফ করতে হবে, সকলকে টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং টিকা নিয়ে যে হয়রানি, দুর্নীতি, অব্যবস্থাপনা চলছে তা বন্ধ করতে হবে। এ দাবিগুলো পূরণ করা কি সরকারের পক্ষে খুব বেশি দুঃসাধ্য?  আসলে বিষয় হলে সৎ-সাহসের, বিষয় হলো জনগণের পক্ষে সরকার কিনা!"

বরিশাল বি এম কলেজে বেতন-ফি মওকুফের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্সের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির বুয়েট শাখা সভাপতি তাহমিদ আহমেদ, ঢাকা নগর শাখা সম্পাদক অনিক কুমার দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশাসহ আরও অনেকে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে একটি মিছিল শুরু করে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।