অধ্যাপক ড. হামিদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

সোমবার (১৬ আগস্ট) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি উপানুষ্ঠানিক শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দিতে অসাধারণ ভূমিকা রেখেছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক সর্বদা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন। তিনি ইউনেস্কোর শিক্ষা পরামর্শক ছিলেন। গবেষণা ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ আজ (১৬ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।