জাবির সাবেক উপাচার্যের প্রাণ নিলো করোনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য এবং অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মহিউদ্দিন আহমদ।

তিনি বলেন, ৪ আগস্ট মুস্তাহিদুর রহমান করোনা আক্রান্ত হয়ে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া ছাত্র ইউনিয়ন জাবি সংসদ সাবেক এই উপাচার্যের মৃত্যুতে শোক জানায়। শোকবার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি যৌক্তিক আন্দোলনে মুস্তাহিদুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।