জবির ফটকে টোল আদায়ে অনিয়মের অভিযোগে আটক ৩ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দক্ষিণ ফটকের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও টোল আদায়ে অনিয়মের অভিযোগে ৩ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন শাহিন (২২), নিরব (২২) ও রাজিব হোসেন নূর (২৪)।

রবিবার (২২ আগস্ট) দুপুরে যানবাহন থেকে টোল ফি আদায়ের নামে বেশি টাকা নেওয়ার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হক।

স্থানীয়রা জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম সংবলিত পোশাকে বেশ কয়েকজন যুবক নিয়মিত টোল ফি আদায় করে আসছিলো বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে। সদরঘাটে যাতায়াতকারী রিকশা, সিএনজি, ভ্যান, ট্রাক এমনকি কুলিদের থেকেও নিয়মিত ১০-৫০ টাকা টোল নিতো তারা।

জানা যায়, মিনহাজ এন্টারপ্রাইজ ইজারাদারের তত্ত্বাবধানে তারা টোল আদায় করে। সিটি করপোরেশন থেকে ইজারা নেওয়ার মাধ্যমে এ টোল আদায় করা হয়।

যদিও সিটি করপোরেশনের পরিবহন বিভাগের শিডিউল থেকে জানা যায়, শুধু সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতি ট্রিপে ১০ টাকা নেওয়া যাবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হক বলেন, ওখানে যারা ইজারার টাকা তোলে, সিএনজি বাদেও রিকশা, ভ্যানসহ অন্য যানবাহন থেকেও টাকা তুলছিলো এ কারণে তিনজনকে আটক করা হয়েছে। তবে তারা বলছে, না জেনে টাকা তুলেছে। পুলিশের  নির্দেশনা অমান্য করে যানবাহনের গতিরোধ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে তাদের আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, টোল আদায়ের নির্দিষ্ট নীতিমালা আছে। কোন গাড়িতে কত টাকা টোল নেওয়া যাবে নির্ধারিত। অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। রিকশা-ভ্যান থেকে কোনও টোল আদায় করা যাবে না।