বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার (২৭ আগস্ট) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসাদ্দিকুর আকাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা এ দাবি জানিয়েছেন।
তাদের দাবিগুলো হলো, নীতিমালা প্রণয়ন করে জবির একমাত্র ছাত্রী হল চালু করা, জবির সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালু এবং সব ধরনের বেতন ফি মওকুফ করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত দেড় বছর ধরে অনাবাসিক বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় এবং একমাত্র ছাত্রী হলের কাজ শেষ না করায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস/বাড়ি ভাড়া করে, টিউশন/খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ বহন করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন শিক্ষার্থীদের স্বার্থে কোনও পদক্ষেপ গ্রহণ না করে বরং করোনাকালীন আগে ও পরে বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বোঝা ও অমানবিকতার প্রকাশ ঘটেছে।