ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ নভেম্বর) ফাইনালে সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের বিপরীতে ২৩ রানে জয় লাভ করে চট্টগ্রাম। এর আগে গ্রুপ পর্বে লালমনিরহাট ফিজিক্যালি ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলকে পরাজিত করে তারা।

ইবির ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে সবগুলো ওভার শেষে আট উইকেটে ৭১ রান সংগ্রহ করে সাতক্ষীরা। খেলায় চার ওভার বল করে ১০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাতক্ষীরা দলে সাজ্জাদ হোসেন। চার দিনব্যাপী এ টুর্নামেন্টে পাঁচটি জেলার ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট দল অংশ নেয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৫ রান নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন চট্টগাম দলের এস এম শাহারিয়ার।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার আতাউর রহমান, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জডের (বিসিএপিসি) সহ-সভাপতি ডা. আমিনুল ইসলাম ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সামনে ডিসেম্বর-জানুয়ারির দিকে আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভালো খেলোয়াড় যেন বের হয়ে আসে, সেটাই আমাদের লক্ষ্য।