ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনকে ফিজিক্যাল মাস্টার প্ল্যানের আগে একাডেমিক মাস্টার প্ল্যান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে ঢাবি মহসিন হল মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত 'আমার বঙ্গবন্ধু' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মাস্টার প্ল্যানের আগে একাডেমিক মাস্টার প্ল্যান দরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ফিজিক্যাল মাস্টার প্লান হবে। তাহলেই সত্যিকার অর্থে বলতে পারব—আমরা কোথায় যেতে চাই, কীভাবে যেতে চাই, একটা নির্দিষ্ট সময়ে কী ফল অর্জন করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে তৈরি সেটা সম্ভব, এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে দেশকে পথ দেখিয়েছে, এই বিশ্ববিদ্যালয় আজও পারে পুরো উচ্চ শিক্ষার ক্ষেত্রে পথ প্রদর্শক হতে।
"আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর আমাদের শিক্ষার্থীরা কেউ শিক্ষিত বেকার হবে না। তার জন্য আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা সুষ্ঠু সমন্বয় থাকবে। এবং সেট শুরু হবে কারিকুলাম দিয়ে। আজকের জগতে ইন্ডাস্ট্রির জন্য যা প্রয়োজন তার উপযোগী কারিকুলাম হবে৷
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, "অতীত জানবার জন্য বঙ্গবন্ধুকে পাঠ আবশ্যিক। সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত, শোষণহীন সমাজ গঠনে বঙ্গবন্ধু পাঠ একেবারে অপরিহার্য। নতুন শিক্ষা কার্যক্রমটি আমরা একেবারে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করছি, বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরি করতে চাই, যারা হবেন সুখী ও অভিযোজনে সক্ষম। অর্থাৎ, যে পরিবর্তনই আসুক তারা খাপ খাইয়ে নিতে পারবে।"