শিক্ষক সমিতির নির্বাচন: ইবিতে আওয়ামীপন্থীদের ভরাডুবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল ১০টি পদে জয়লাভ করেছে। পাঁচটি পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। 

১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের প্যানেলের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান। ১৮৬ ভোট পেয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ৩৯০টি ভোটের মধ্যে তিনটি বাতিল হয়। নির্বাচনে মোট ভোট প্রদান করেন ৩৪৬ শিক্ষক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৬৬ ভোট পেয়ে শাপলা ফোরাম থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক, ১৫৩ ভোট পেয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামায়াতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা হলেন—প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন্নাহার (১৬৫) ও প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২)।

আওয়ামীপন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের শিক্ষকদের সংগঠন সাদা দলের একজনও নির্বাচিত হয়নি বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবদুস ছোবহান জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনও ধরনের অনিয়মের অভিযোগ আসেনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষকদের ভোটের রায়কে সম্মান করতে হবে। এ ছাড়া আর কিছুই বলার নেই।