প্রতিদ্বন্দ্বী নেই, সিকৃবি শিক্ষক সমিতির আওয়ামী প্যানেল জয়ী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত প্যানেল। আগামী ২৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতি পদের বিপরীতে অন্য কোনও প্রার্থী না লড়ায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এতে সভাপতি হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ থেকে মনোনীত প্রার্থী এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম। 

এছাড়া সহ-সভাপতি হয়েছেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, যুগ্ম সম্পাদক গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু দায়িত্ব পেয়েছেন।

সদস্য হয়েছেন- কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, এগ্রিকালচারাল কনস্ট্রাকশন ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা রায়, মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগের সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য্য, এনিমেল ও ফিশ বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আফরিন।

শিক্ষক সমিতির নতুন কমিটির সদস্যরা বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।