ফার্মেসিতে ক্যারিয়ার নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পডকাস্ট

ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির (বিইউপিএস) উদ্যোগে সম্প্রতি অনলাইনে আয়োজিত হলো ‘ফার্মা ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন’। দেড় ঘণ্টার ওই আলোচনায় ফার্মেসিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা কীভাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনাজুড়েই আগ্রহী শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এই অনলাইন পডকাস্টে আলোচক হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের লেকচারার ফারুক আজম ও তানিশা মমতাজ।

এছাড়াও ফার্মা ইন্ডাস্ট্রি থেকে ছিলেন একমি ল্যাবরেটরিজের সিনিয়র ব্রান্ড এক্সিকিউটিভ কাজী আশরাফুর রহমান আবীর ও সানোফি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্রান্ড ম্যানেজার ওয়াসিফ বিন আহমেদ।

আলোচকরা স্নাতক শেষে শিক্ষার্থীদের করণীয় ও ইন্ডাস্ট্রি সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে মন্তব্য দেন। আলোচনায় উঠে আসে স্নাতক অধ্যয়নকালীন তিনটি বিষয়ে দক্ষতা অর্জনের কথা—সৃজনশীল চিন্তাধারা, যোগাযোগ দক্ষতা ও সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ লেখার অভ্যাস।

এছাড়া চাকরিপ্রার্থীদের জন্য তারা বলেন, ‘প্রথমে নিজের ক্যারিয়ার গোল সেট করে নিতে হবে। এরপর নিজের লক্ষ্যে পৌঁছাতে আপনি উপযুক্ত কিনা, সেজন্য নিজেকে যাচাই করে নিতে হবে।’

শুধু ভালো ফলাফল নয়, অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কেও বলেন তারা। কর্মক্ষেত্রে কাজ সহজ করার জন্য এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল ও ডাটা অ্যানালাইসিসের ব্যাপারে ধারণা রাখার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে শেষ হয় অনলাইন পডকাস্টটি। বিউপিএস-এর সাধারণ সম্পাদক রাগিব হোসেন জানান ‘একাডেমিক এবং ইন্ডাস্ট্রি এই দুটি ফার্মেসি শিক্ষার্থীদের ক্যারিয়ারের প্রধান দুই ক্ষেত্র। এ বিষয়ে খুঁটিনাটি জানার জন্য সংগঠনের এই আয়োজন।’