বর্ণাঢ্য আয়োজনে জয় বাংলার জয়োৎসব শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' প্রদর্শন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যা করে। সেদিন রাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে হত্যাকাণ্ড চালায় তাকে কেন্দ্র করে নির্মাণ করা হয় ওই প্রামাণ্যচিত্রটি।

এরপর পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে লেখা গান, কবিতাসহ নাচ ও অবৃত্তি। মঞ্চস্থ হয় ২৫ মার্চ গণহত্যার ওপর একটি মঞ্চনাটক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নারী, পুরুষ, শিশু, ছাত্র, শ্রমিকের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। জঘন্যতম এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আশা করি, বিশ্বের মানুষের বিবেক নাড়া দিবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসময় তিনি পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি পালনে সবার উপস্থিতি কামনা করেন।