ঢাবি শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে শনিবার (২৬ মার্চ) রাতে আজিমপুরের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে তার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তারা আশিকের দ্রুত সন্ধান দাবি করেন।

রবিবার (২৭ মার্চ) বিকালে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, 'আমি লালবাগ ও শাহবাগ থানায় গিয়েছিলাম নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কিন্তু উনারা জিডি গ্রহণ করেননি। আমি চাই অতি দ্রুত আশিককে আমাদের মাঝে ফিরিয়ে দিক।'

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা ঊষাণ আরা বাদল বলেন, আমি আমার ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। এটা আসলেই একটা মর্মান্তিক বিষয়।

ওই বিভাগের শিক্ষার্থী আশরেফা রহমান বলেন, আমাদের বিভাগের বড় ভাই আশিকুর রহমানকে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয়। আমরা আসলে জানি না তারা কারা ছিল, কারণ বিভাগ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলেও তারা আমাদের কোনো সঠিক জবাব দেয়নি। অপরাধ দমনের নামে হুটহাট নিরাপদ মানুষকে তুলে নিয়ে যাওয়া কোনো দেশের সংবিধান স্বীকৃত না, এটা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা প্রশাসন আমাদের সেটিও স্পষ্ট জানায়নি।

সাদমান রাফি বলেন, 'আমরা জানতে চাই মানুষটা কেমন আছে, কোথায় আছে, তাকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগ কী? অভিযোগ থাকলে কেন তার পরিবারকে জানানো হয়নি? এবং কেন কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হবে?

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, 'আমরা বিষয়টি শুনেছি, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর বিষয়টি দেখছেন। আমরা আইন-শৃঙ্খলা বিভাগের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা করছি। আমরা তথ্য দিয়েছি, তারা খোঁজ নিয়ে জানাবে বলেছে। তবে এখন পর্যন্ত মিসিং বলা যাবে না।'