রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ডাকসু নির্বাচনের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়,সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিরাপদ অবস্থা বিরাজ করছে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ছাত্রলীগের অস্ত্র মহড়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত৷ এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামগ্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে‍। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মনে ভয়-আতঙ্কের সৃষ্টি হয়েছে‍। কিন্তু এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

স্মারকলিপিতে আরও বলা হয়, হলগুলোতে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের ফলে হলে অবস্থানরত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ জোর করে হামলায় নামাচ্ছে‍। হাতে তুলে দিচ্ছে দেশীয় অস্ত্র‍। অনেক ডিপার্টমেন্টেরই ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা চলমান রয়েছে‍। কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করতে দেখা গেছে। আগামী ৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে‍। কিন্তু এখনও পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি‍। প্রতিদিনই হলগুলো থেকে অস্ত্রসহ মিছিল ও মহড়া চলমান আছে‍। এতে নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও আতঙ্কে আছেন‍। পরীক্ষার দিনকে ঘিরেও তারা ভয়ে আছেন‍।

শিগগিরই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলা হয়, ‘দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসুর নেতৃত্বে ক্যাম্পাসে সব দল ও মতের সহাবস্থান নিশ্চিতের একটা বাতাস বইছিল। ডাকসুর এই অর্জনকে ম্লান করে দিতে ও ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল সব সময় সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের এমন উগ্র আচরণ‍। বরাবরের মতোই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় ব্যর্থ ভূমিকা পালন করেছে‍। অতএব, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি‍।