২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটকে উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান-সৃজন উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক আখ্যায়িত করে তা স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার(৯জুন) বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, কোভিড ১৯ মহামারির প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। সেই বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই বাজেট পাঠ্যবইয়ে উদাহরণ হয়ে থাকবে উল্লেখ করে সাদ্দাম বলেন, এ বাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের সামনে একটি রূপকল্প দিয়েছেন, তাদের স্বপ্ন দেখিয়েছেন। এ বাজেটের মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের সামনে মডেল উপস্থাপন করলেন।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, সাইফ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ ইনানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।