প্রত্যেকের তথ্য অধিকার আইন জানা উচিত: কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, ‘সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের তথ্য অধিকার আইন জানা উচিত।’ সোমবার (১৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘রাইটস টু ইনফরমেশন অ্যাক্ট: কুমিল্লা ইউনিভার্সিটি পার্সপেকটিভ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় কুবির শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় তথ্য অধিকার আইন প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘জনগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অংশীদারির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনই তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য। তথ্য আদান-প্রদানের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে রিসোর্স পারসনের বক্তব্য শুনবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক রিলেশন অ্যান্ড রাইট টু ইনফরশেন বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ কর্মশালায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।