‘রবীন্দ্রনাথ’কে নিয়ে গেছে ঢাবি প্রশাসন

অমর একুশে বইমেলায় বই নিষিদ্ধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাশে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পেরেকবিদ্ধ বই হাতে মুখ বাধা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী ভাস্কর্য স্থাপন করে শিক্ষার্থীরা। কিন্তু বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই সেখানে ভাস্কর্যটি আর দেখা যায়নি বলে জানান শিক্ষার্থীরা। আর তাই সংক্ষুব্ধরা ওই স্থানে 'গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ' লেখা ব্যানার টানিয়ে দেয়। তবে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি সরিয়ে ফেলেছে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভাস্কর্যটি সেখানে আর নেই। আমরা এখন পর্যন্ত জানি না এটি কে বা কারা করেছে। আমরা কিছু সময় পর প্রক্টর স্যারের সাথে দেখা করবো এবং এ বিষয়ে জানার চেষ্টা করবো৷

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা জানার চেষ্টা করছি ভাস্কর্যটি ওখানে কে বসিয়েছে? অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয়ের একটি নান্দনিক ভাস্কর্যের সাথে আরেকটা ভাস্কর্য বসিয়ে মূলটির সৌন্দর্য নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, এইসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একটি নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে এটি স্থাপন করা হয়েছিল। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় এটি সরিয়ে ফেলেছে।

এসময় তিনি নীতিমালা বহির্ভূত কোনও কিছু বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপন না করতে এবং এসব বিষয়ে সচেতনতা অবলম্বন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।