ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা (গ) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ মে) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য মতে, এবার এই ইউনিটে ব্যবসায়, মানবিক ও বিজ্ঞান বিভাগের মোট ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন প্রতিযোগী। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পরিমার্জিত নিয়মে পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে মোট ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তীচ্ছু আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থীর লড়ছেন।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-১১ সেশন থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত দু'বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দ্রগুলো হলো- ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।