ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের অভিভাষণ ও বাজেটের ওপর আলোচনাকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান হলে ‘গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন’ হয় বলে মর্মে বক্তব্য দেন। পরে আওয়ামীপন্থী শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য এই বক্তব্য এক্সপাঞ্জ করেন। এর প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষকরা সিনেট সভা ত্যাগ করেন।
বুধবার (২১ জুন) বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাজেট অধিবেশনের আলোচনা পর্বে এই ঘটনা ঘটে। অধ্যাপক ড. লুৎফর রহমান বাজেট আলোচনার এক পর্যায়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় নেই বলে উল্লেখ করেন। এসময় তিনি বলেন, ‘হলের গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন করা হয়। এইগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।’
এসময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ও নীলদলের নেতা অধ্যাপক আবদুর রহিম বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমি হলের প্রভোস্ট এমন কোনও ঘটনা ঘটেনি। এসময় নীলদলের আরও দুই শিক্ষক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক অহিদুজ্জামান বক্তব্যের বিরোধিতা করলে উত্তেজনায় সৃষ্টি হয়।’
এক পর্যায়ে অধ্যাপক অহিদুজ্জামান অধ্যাপক লুৎফর রহমানের ‘গেস্টরুম নির্যাতন’ এই অংশ এক্সপাঞ্জ করার দাবি তুললে সিনেট সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক্সপাঞ্জ করেন। বক্তব্য এক্সপাঞ্জ করার প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষকদের অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম সিনেট সভা থেকে ওয়াকআউট করেন।