সিজিপিএর শর্ত শিথিল চেয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সিজিপিএ-র শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মুক্তমঞ্চে এ সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাকিবুর হোসাইন বাপ্পী বলেন, ‘আমাদের প্রতিটি পরীক্ষার ফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস সময় নেওয়া হয়। এটি আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করেছে। ফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক। আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।’

এই শিক্ষার্থী আরও বলেন, সমন্বয়কের আশ্বাসে আমরা বেশ কয়েকবার আন্দোলন স্থগিত করেছি, অনশন ভেঙ্গেছি। আর কোনও আশ্বাস চাই না। আগামী রবিবার ( ২৭ আগস্ট ) সকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি পূরণ করে নোটিশ না দেওয়া হয় তাহলে আমরা রবিবার বেলা ১২টা ১ মিনিটে আত্মহত্যার প্রস্তুতি নেবো।

আন্দোলনের আরেক মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েছে। তারা আজকে আত্মহত্যার যে ঘোষণা দিয়েছে তা শুধু হুমকি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাত কলেজ কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবেন বলে জানান এ শিক্ষার্থী।