ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে 'এডুকেশন, সোশ্যাল রিফর্ম, লিটারেচার অ্যান্ড স্পিরিচ্যুয়াল থটস অফ খানবাহাদুর আহছানউল্লা' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
সেমিনার সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, দুটি পর্বে সেমিনারের কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম পর্বের শিরোনাম 'খানবাহাদুর আহছানউল্লা: এডুকেশনিস্ট, সাহিত্যিক এবং সমাজ-সংস্কারক'৷ দ্বিতীয় অধিবেশনটি হবে 'গ্লোবালাইজেশন অফ সুফিজম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং: থটস অ্যান্ড ফিলোসফি অব খানবাহাদুর আহছানউল্লা অ্যান্ড ইটস ইমপ্যাক্ট' এই বিষয়ের উপর। সেমিনারের উদ্বোধনী ও সমাপনী দুটি অধিবেশনে দুটি প্রবন্ধ উপস্থাপিত হবে এবং দেশ-বিদেশের আমন্ত্রিত আলোচক ও বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকালে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, আজকের প্রজন্ম নানা দিক থেকেই খানবাহাদুর আহছানউল্লাকে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণ করতে পারে। সেটি হতে পারে তার শিক্ষা-ভাবনা, সমাজ-সংস্কার, সাহিত্য রচনা অথবা এলমে তাসাউফের চর্চা ও সাধনা। এসবের যেকোনও বিষয়েই আমরা তার দ্বারস্থ হতে পারি, তার কর্মপ্রয়াস অনুধাবন, চর্চা ও বাস্তবায়ন করে নিজেদের সমৃদ্ধ করতে পারি। খানবাহাদুর আহছানউল্লার সম্প্রীতির আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই।