ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স। ডিআইইউ’র সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ এবং ডয়চে ভেলের যৌথ উদ্যোগে আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ আয়োজন করা হবে। আগামী ২৮ ও ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশের স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের জন্য টেকসই অর্থনৈতিক ভিত নিশ্চিত করা’। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিশেষজ্ঞ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা সমবেত হবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য যোগাযোগ ও সাংবাদিকতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্রিত করা।
ড্যাফোডিল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হবে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি উতে একার্টজ। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম লুৎফর রহমান। ডিডব্লিউ অ্যাকাডেমির পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ক প্রকল্প পরিচালক প্রিয়া এসেলবর্ন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ।
সম্মেলনে দুটি পূর্ণাঙ্গ অধিবেশনসহ অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্প বলার কৌশল বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে।
সম্মেলনের সমাপনী অধিবেশনে ‘ডিআইইউ-২০২৩ ঘোষণা: একটি টেকসই ভবিষ্যতের জন্য স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়ার অগ্রগতি’ শীর্ষক একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি যোগদান করবেন।