নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেফতার বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সঞ্চালনায় ও আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ড. আক্তার হোসেন, গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, আরবি বিভাগের শিক্ষক মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সংগঠনটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, দেশে এখন চরম ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন চলছে। ২৮ অক্টোবরের ঘটনা সরকারের সাজানো, তারা নিজেরা গাড়ি পুড়িয়েছে। বর্তমান সরকার যে কোনও উপায়ে আন্দোলন নস্যাৎ করতে চায়। সারা দেশটাকে সরকার এখন কারাগারে পরিণত করেছে।

সভাপতির বক্তব্যে ড. লুৎফর রহমান বলেন, আপনারা যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, তাহলে আমরা মনে করি জনগণের দাবির কাছে, গণআন্দোলনের কাছে আপনাদের পদত্যাগ করতেই হবে। হয় জনগণের আন্দোলনের মুখে নতি স্বীকার করে আপনারা পদত্যাগ করবেন, অন্যথায় এদেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে বিদেশি মহল যে উদ্বেগ ব্যক্ত করেছে, আমরা মনে করি তাদের চাপেও হয়তো আপনাদের পদত্যাগ করতে হবে। অন্যদিকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাজার মূল্য, সবকিছু বিবেচনা করলে, হয়তো একদিন দেশ চালাতে ব্যর্থ হয়েও আপনাদের পদত্যাগ করতে হতে পারে। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা আপনাদের কাছ থেকে সেই সৎ সাহস প্রত্যাশা করি।