জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে মীর মশাররফ হোসেন হলগামী সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। আটক তিন জনেরই বয়স ১৮ বছরের নিচে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টায় স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে। এ সময় মুক্তমঞ্চের পাশের সড়ক দিয়ে মীর মশাররফ হোসেন হলের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করে দাঁড়ায় একজন। তাদের পরিচয় জিজ্ঞেস করে বহিরাগত নিশ্চিত হওয়ার পর সে তার আরেক সহযোগীকে ফোন করে আসতে বলে এবং ভুক্তভোগীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের সমাধানের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পরিচয়ে তখন সেখানে উপস্থিত হয় অষ্টম শ্রেণির এক ছাত্র। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনার এক পর্যায়ে সেখানে নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত হলে অভিযুক্তদের হাতেনাতে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যান।
ভুক্তভোগী একজন বলেন, আমরা দুই জন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম। মুক্তমঞ্চের পাশে যাওয়ার পর আমাকে একজন ডেকে নিয়ে যায়। আমার কাছে পরিচয় জানতে চায়। কথা বলার এক পর্যায়ে আমার কাছ থেকে মোবাইল ও ৩০০ টাকা কেড়ে নেয় তারা। নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে মোবাইল ফেলে দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ২৪ ঘণ্টা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা সেখানে উপস্থিত হয় এবং তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। আপাতত তাদেরকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছি।