কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউছারের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত করে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী উমর সিদ্দিকী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এই আশ্বাস দেন তিনি।
প্রক্টর কাজী উমর সিদ্দিকী বলেন, গতকাল আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শুনেছি এবং এ বিষয়ে আজকে একটি অভিযোগপত্র পেয়েছি। আমি আশ্বাস দিচ্ছি, তদন্ত সাপেক্ষে তিন দিনের মধ্যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
এর আগে, সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ফরহাদ কাউছার টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরেন। পরে তাকে শেখ হাসিনা হলের সামনে পাভেল নামের এক শিক্ষার্থী ডেকে নিয়ে কয়েকজন মিলে মারধর করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ফরহাদ কাউছার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন- মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিন দাস, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আক্তারুজ্জামান পাভেল, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান রাফি। মারধরকারী শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন নেতিবাচক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছিলেন। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
এই ঘটনার প্রতিবাদ এবং তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর বরাবর এক অভিযোগপত্র জমা দেন।