কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিভিন্ন জায়গায় আহত হওয়া সব শিক্ষার্থীর তালিকা করে সাহায্য করার নির্দেশ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান উপাচার্য। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের তালিকা করার নির্দেশ দিয়েছি প্রক্টরকে। তালিকার মাধ্যমে হতাহত শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে। অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। তাদের তালিকা পেলে আমরা যেকোনও সাহায্য করতে পারবো।
উপাচার্য বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে চার জনকে রিলিজ দেওয়া হয়েছে। অনিক নামের এক শিক্ষার্থীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার খাদ্যনালীতে ফুটা হয়েছিল। তাদের সার্বিক খোঁজখবর রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ইতোমধ্যে তালিকা করা শুরু করেছি। ৮ থেকে ৯ জন শিক্ষার্থীর আহত হওয়ার খোঁজ পেয়েছি। যাদের টাকার প্রয়োজন ছিল, দ্রুত টাকা পাঠানোর ব্যবস্হা করেছি। আমাদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। আজ থেকে বিভাগ অনুযায়ী খোঁজ নেওয়া হচ্ছে। যার যে ধরনের সহায়তা দরকার হবে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করবো।
তিনি আরও বলেন, আমাদের গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল। তাদের চার জন রিলিজ পেয়েছে। আরেকজনকে কেবিনে নেওয়া হয়েছে। আমরা সাবর্ক্ষণিক তাদের খোঁজ রেখেছি। আমি নিজেও নিয়মিত ঢামেকে যেয়ে তাদের দেখে এসেছি। উপাচার্য মহোদয়ও আমাদের মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন নিয়মিত।
উল্লেখ্য, গত ১৭ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি মিছিল পুরান ঢাকার তাঁতিবাজার অভিমুখে যাওয়ার পথে সিএমএম কোর্টের সামনে দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।