টিউশনির বিজ্ঞাপন দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ

টিউশনি দেওয়ার কথা বলে টাকা নিয়ে টিউশন না দেওয়ার অভিযোগে ‘Abrar Rahman Abir’ নামক ফেসবুকের একটি পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান বাদী হয়ে এই জিডি করেন।

গত ১৪ আগস্ট কোতোয়ালি মডেল থানায় এই সাধারণ ডায়েরি করা হয়। এতে ৪৫ জনকে সাক্ষী রাখা হয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত অজ্ঞাত একজনের ফেসবুক পেজে (Abrar Rahman Abir) টিউশনির বিজ্ঞাপন দেখে বাদীসহ সব ভুক্তভোগীরা পেজে দেওয়া বিকাশ নম্বরে বিভিন্ন অঙ্কের টাকা পাঠান টিউশন কনফার্ম করার জন্য। এতে প্রায় ৪৫ শিক্ষার্থী ঐ বিকাশ নম্বরসহ অভিযুক্ত অজ্ঞাত ব্যক্তির আরও অনেক মোবাইল ফোন নম্বরে প্রায় এক লাখ ২০ হাজার টাকা দেন।

আরও উল্লেখ করেন, টিউশন মিডিয়ার অজ্ঞাত ব্যক্তি অপকৌশলে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে আমাকে ও সাক্ষীদেরকে টিউশন না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে কালক্ষেপণ করছে। পরে যোগাযোগ চেষ্টা করতে গেলে উক্ত পেজ থেকে ব্লক করে দেওয়া হয়।

বাদী মো. আরিফুর রহমান জানান, পেজটি থেকে অনেক শিক্ষার্থীদের টিউশনি দেওয়ার নামে প্রতারিত করা হয়েছে। দেখা গেছে ১০ জনের থেকে টাকা নিয়ে সর্বোচ্চ দুই জনকে টিউশন দেওয়া হচ্ছে। কুবিসহ আশপাশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গেও এমন প্রতারণা করেছে। আমিসহ ৪৫ জনের তালিকা আছে আপাতত।

কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত এসআই আশিকুর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের জিডি পেয়েছি। আগামী রবি বা সোমবারের মধ্যে কাজ শেষ করবো।