বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থীকে স্থায়ী এবং অপরজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

শৃঙ্খলা কমিটির সুপারিশে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় ৮৬তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত, তানজিদুল হক মঞ্জুর এবং একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ খান রাফি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৯ নম্বর কক্ষে মুকুলকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে বাঁ হাত ভেঙে দেওয়া হয়। পরে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন মুকুল। গত ১৭ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্য জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন।