সীমান্তে হত্যা বন্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

সীমান্তে হত্যা বন্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি বাতিলের দাবি জানান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্ববর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বলেন, সীমান্তে হওয়া প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। হত্যার শিকার প্রত্যেকের তালিকা করে তাদের পরিবারকে যেভাবে হোক, সাহায্য করতে হবে। ভারতের সঙ্গে প্রত্যেকটা চুক্তি হতে হবে সমভাবে। কোনও তাবেদারি বা দালালি থাকবে না। আমরা তাদের থেকে ন্যায্য বিদেশনীতি চাই। সাধারণ ভারতীয়দের সঙ্গে আমাদের কোনও বৈরিতা নেই। ভারতের নাগরিকদের ঠিক করতে হবে, তারা কেমন বিদেশনীতি চায়। 

বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দী উর্মি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের ছাত্র-জনতার লড়াই এখনও থামেনি। সীমান্তে স্বর্ণা দাস, জয়ন্তসহ প্রত্যেকটা মৃত্যুর তদন্ত ও বিচার আমরা চাই। প্রত্যেক ফোটা রক্তের বিচার আমরা চাই। গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনও আধিপত্য, সাম্রাজ্যবাদের ঠাঁই হবে না। প্রত্যেকটা লাশের হিসাব আমরা ছাত্র জনতা বুঝে নেবো।