নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি চেকপোস্ট হলো- নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইউনিট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার এলাকা। আজ থেকে শুরু হয়ে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এসব চেকপোস্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। দুর্গাপূজাকালীন নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে আতশবাজি না ফাটানোর বিশেষ নির্দেশও দেওয়া হয়।