ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে একটি নোটিশ জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি থেকে পাওয়া ডকুমেন্ট থেকে জানা যায়, ৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি শেষ হবে।

কোন ইউনিটের পরীক্ষা কবে

২০২৫ সালের ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে, চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।