‘অধ্যাপক কাজী মোতাহার হোসেন পদক’ পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ১১ শিক্ষার্থীকে ‘কাজী মোতাহার হোসেন’ পদক দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ১২৮তম  জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী “যুগ পরম্পরায় কাজী মোতাহার হোসেন ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, কাজী মোতাহার হোসেন এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী ব্যক্তিত্ব। একজন দার্শনিকের প্রতিটি গুণ তার মধ্যে ছিল। বিজ্ঞান ও শিল্পের মধ্যে তিনি অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছিলেন। জ্ঞানচর্চার পাশাপাশি অনেকগুলো বড়মাপের সামাজিক আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সমাজের সবাইকে সঙ্গে নিয়ে চলার ঐতিহ্য আমাদের শিখিয়েছেন। এটি এই মুহূর্তে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সমাজের একটি অংশ এবং সমাজের সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। 

পদকপ্রাপ্তরা হলেন—পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মে নাঈমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো. মুদাচ্ছির হোসেন আকিব, তৃষ্ণা সাহা, তাসমিয়া আফরিন এমা, শায়েরা আক্তার, আইএসআরটি-এর শিক্ষার্থী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তাসনীম আরা, তরিকুল ইসলাম ও মো. মুহিতুল আলম। 

অনুষ্ঠানে বিএস সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন—পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বিকাশ পাল, মো. মুদাচ্ছির হোসেন আকিব, উম্মে নাঈমা ইসলাম, নওশীন তাবাসসুম সোহানা, লুবানা তানভিয়া, ফারজানা জামান, নুসরাত জাহান, আইএসআরটি-এর শিক্ষার্থী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো. মুহিতুল আলম, ফারিয়া রউফ রিয়া ও আতিকা অবনী। 

এছাড়া, রচনা প্রতিযোগিতায় নুসাইবা হাকিম দিয়া প্রথম, অনসূয়া কর্মকার দ্বিতীয় এবং সুমাইয়া জাহান তৃতীয় হয়েছেন।