ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল হক ডাকসু নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ করে বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কোনও শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করেন—তা বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৬ আগস্ট) সিনেটে নির্বাচন কমিশনের সঙ্গে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, তাদের সঙ্গে কোনও ধরনের বেয়াদবি যেন না হয়।’
মারুফুল হক বলেন, ‘ডাকসু আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আমাদের মূল কাজ পড়াশোনা। ডাকসুর প্রচার প্রচারণা করার ক্ষেত্রে পাঠ কার্যক্রম, গবেষণা, সেমিনার যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এটা খুবই স্ট্রিক্টলি দেখা হবে। জুলাই আন্দোলন হয়েছে বলেই আজ আমরা এখানে এই উদ্দেশে সমবেত হতে পারছি। কোনোভাবেই জুলাই নিয়ে কোনও রকম কটাক্ষ, অসম্মান করে প্রচারণা চালানো যাবে না।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বার্থ সবার আগে। কোনও প্রার্থী মুক্তিযুদ্ধকে অসম্মান করে প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে। এটা নন-নেগোসিয়েবল। এটার জন্য বিধিবদ্ধ শাস্তি প্রয়োগ হবে।’