আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেলো জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’ 

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্যানোরমা ট্যালেন্ট’ সেকশনে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার (বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড) জিতেছে ‘হোয়াট ইফ’। চলচ্চিত্রটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। 

সাফল্যের প্রতিক্রিয়ায় তানহা তাবাসসুম বলেন, “এটি আমার বানানো প্রথম সিনেমা। আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সেই ধারণার উপরই সিনেমাটি তৈরি। এটি আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।” 

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হাসান আল সাবিত, তাসনিম শুচি, কাব্য রাহা, আলভী আবীব ও সাইন আহমেদ পবন। এর চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আরিফুর রহমান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন রুদ্র ব্যানার্জি। কারিগরি দিকে কালার গ্রেডিং করেছেন মুরসালিন এবং সাউন্ড ডিজাইনে ছিলেন সৈকত সিনহা। চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন আলভী আবীব এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন শাহ সাকিব সোবহান। 

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’— এই স্লোগানকে সামনে রেখে গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয় ১৮ জানুয়ারি। ৯ দিনব্যাপী এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।