টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীবান্ধব খাবার ও মূল্য ভর্তুকির দাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের অন্যতম কেন্দ্রীয় খাবারের স্থান টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী খাবার নিশ্চিত হয়নি— এমন অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্টুডেন্টস কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাস নামের একটি সংগঠন।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর সংগঠনটির পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের পূর্ববর্তী দাবির প্রেক্ষিতে ডাকসু ক্যাফেটেরিয়ায় মানসম্মত ও প্রয়োজনীয় খাবার পরিবেশন শুরু হয়েছে, যা একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। তবে একই ধরনের মান ও সুযোগ টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনও বাস্তবায়িত হয়নি, যা দুঃখজনক।

সংগঠনটির নেতাকর্মীদের মতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র কেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী টিএসসি ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। অথচ বর্তমান ব্যবস্থায় খাবারের মান ও বৈচিত্র্য সব দিক থেকেই শিক্ষার্থীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ প্রেক্ষিতে সংগঠনটি টিএসসি ক্যাফেটেরিয়া নিয়ে চার দফা দাবি উত্থাপন করেছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ডাকসু ক্যাফেটেরিয়ার মতো একই মান ও আইটেমের খাবার টিএসসি ক্যাফেটেরিয়ায় পরিবেশন নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে খাবারের মূল্য শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; পর্যাপ্তসংখ্যক শিক্ষার্থী যেন নিয়মিত ও নির্বিঘ্নে খাবার পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা; খাবারের আইটেম সংখ্যা বৃদ্ধি করে শিক্ষার্থীদের পছন্দ ও চাহিদার প্রতিফলন ঘটানো।