ক্যাম্পাসে মাইক বাজানো নিষিদ্ধের সিদ্ধান্ত জবি প্রশাসনের

অ্যাকাডেমিক পরিবেশ রক্ষা ও নিরবচ্ছিন্ন গবেষণা কার্যক্রম নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে কোলাহলপূর্ণ কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে জবি ক্যাম্পাসে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাউন্ড বক্স বা মাইক বাজানো এবং খেলাধুলাসহ সব ধরনের কোলাহলপূর্ণ কর্মকাণ্ড বন্ধ থাকবে।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো.  শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা, অ্যাকাডেমিক কার্যক্রম এবং সার্বিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে জন্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোভাবেই সাউন্ড বক্স বা মাইক বাজানো যাবে না। একইসঙ্গে এই সময়ে ক্যাম্পাসের ভেতরে কোনও ধরনের খেলাধুলা করাও নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে অর্থাৎ বিকাল ৪টার পর যদি কেউ এ ধরনের কোনও কর্মকাণ্ড (সাউন্ড সিস্টেম ব্যবহার বা অনুষ্ঠান) পরিচালনা করতে চায়, তবে তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।