এক্সপ্রেসওয়েতে ঢাবির বাসে লাগবে না টোল

এক্সপ্রেসওয়েতে চলাচলের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসগুলোকে আর টোল দিতে হবে না। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য তরঙ্গ বাস রুট বসিলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাবিয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর নেতারা।

সংবাদ সম্মেলনে ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী, পরিবহণ খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে তরঙ্গ বাস রুটে অতিরিক্ত দুটি ট্রিপ যুক্ত করে বসিলা ব্রিজ পার হয়ে পরবর্তী স্টপেজ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই সেবা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে নিয়মিত সকাল ও বিকালে বাস চলবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ যানজটের কারণে ক্ষণিকা বাসগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও এতদিন শিক্ষার্থীদের টোল দিতে হতো। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলোচনা শেষে বৃহস্পতিবার থেকে এই টোল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। টোল বাবদ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিসের মাধ্যমে পরিশোধ করা হবে।”

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করাই ডাকসুর লক্ষ্য। এই ধারাবাহিকতায় খুব শিগগিরই গত চার মাসের কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি বিস্তারিত সংবাদ সম্মেলন করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শনিবারের বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় তহবিল সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই শনিবার বাস চলাচল শুরু হবে।”