জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে জবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হলো।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে মোট ১৩টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
এ বছর বি ইউনিটে কলা ও আইন অনুষদের ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৮ জন শিক্ষার্থী।
পরীক্ষায় উপস্থিতির হার নিয়ে কলা ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, এখনও নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। তবে প্রতিটি কেন্দ্রে উপস্থিতির হার ৮০ শতাংশের বেশি।
ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। কারও পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ আসেনি। ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ভর্তি ফল প্রকাশসহ সব প্রক্রিয়া শেষে আগামী ১৯ এপ্রিল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।
এর আগে, গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের মাধ্যমে জবির ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ২৫১টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন, যা ৮০ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৬৩০ জন, যা ৯১ দশমিক ৯৪ শতাংশ। এ ইউনিটের ফল প্রকাশ করা হয় গত ৫ জানুয়ারি।
গত ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৬৮৬টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৬৩০ জন, যা ৯০ দশমিক ০৬ শতাংশ। ফল প্রকাশ করা হয় গত ৬ জানুয়ারি।
গত ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটে ৬১০টি আসনের বিপরীতে ৯টি কেন্দ্রে ২৫ হাজার ৮২৬টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৪৩৮ জন, যা ৮৬ দশমিক ৮৮ শতাংশ। এই ইউনিটের ফল প্রকাশ করা হয় গত ১১ জানুয়ারি।