জবিতে প্রথম বর্ষে ভর্তির সাবজেক্ট চয়েজ আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের আবেদন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এ, বি, ডি ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। একইসঙ্গে ই ইউনিটে যেসব পরীক্ষার্থী বহুনির্বাচনি অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়।