‘কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন’ বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে জকসু, ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “নিয়োগ পাওয়ার পরও আমি আগের মতোই সাধারণ আছি। তবে আমি বুঝতে পারছি, এতে অনেকের অস্বস্তি হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের যেকোনও টেবিলে যেতে আমার আলাদা করে পথ চিনতে হয় না, সবই আমার পরিচিত। বিশেষ করে যেসব টেবিলে ফাঁকিবাজি হয়, সেগুলো আরও ভালোভাবে চিনি।”
তিনি আরও বলেন, “আমি খুব শিগগিরই কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, এই সহযোগিতা সবচেয়ে বেশি পাবো শিক্ষার্থীদের কাছ থেকে।”
নিজ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এই ক্যাম্পাস থেকেই আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই আমার প্রথম সাফল্য।”
চার বছর দায়িত্ব পালন শেষে আবার এই ক্যাম্পাসেই তাকে থাকতে হবে জানিয়ে উপাচার্য বলেন, “আমি যদি কাজ ভালোভাবে না করি, তা আমার জন্য অত্যন্ত অপমানজনক হবে।”