ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘বাংলাদেশে যতগুলো বিপ্লব হয়েছে সেগুলোর ফসল বিএনপি ভোগ করেছে। যারা বিপ্লব করেছে তাদের সঙ্গে সবসময় প্রতারণাই করেছে।’
বুধবার বিকালে ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত ‘জুলাই সনদ ও সংস্কার: শহীদ পরিবারের আকাঙ্ক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদিকে কায়েম বলেন, ‘বাংলাদেশে যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের ফসল সবসময় বিএনপি ভোগ করেছে। তারা সবসময় ফসলকে তাদের ঘরে তুলে নিয়ে গেছে। যারা বিপ্লব করেছে তাদের সঙ্গে সবসময় বিএনপি প্রতারণাই করেছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়ে আসার পরে তারা জাতির সঙ্গে ‘প্রতারণা’ করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘তারা শহীদদের সঙ্গে প্রতারণা করছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে।’
নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে বলে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘তারপরও আমরা চাই, বিপ্লব পরবর্তী আপনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আপনারা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো একটু স্মরণ করুন। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর অন্য নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা।
এদিকে, গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। অনশনে বসা ওই শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম ও ২০২৪-২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান।
এ সময় তিনি তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে হলো- গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন; গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন এবং গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
শুরুতে মুনেম একা অনশনে বসলে তার সঙ্গে সংহতি জানান ৫ জন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। তারা কিছুক্ষণ থেকে চলে যান।