জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহমান হল ও শহীদ নজরুল ইসলাম উদ্ধার কর্মসূচি বিষয়ক ১০ দিনের আলটিমেটাম পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩১ মার্চ ২০২৬ সংগঠনটির উদ্যোগে পালিত কর্মসূচি থেকে এই আল্টিমেটাল্ম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে। সেখান থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সব স্টেকহোল্ডারদের নিয়ে হলগুলো উদ্ধার করবো।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। সেজন্য ক্যাম্পাসের সাবেক নেতারা জবির স্বার্থে কাজ করে গেছেন। আমরাও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, “হলে ওঠা শিক্ষার্থীদের একটা নৈতিক দায়িত্ব। ৫ আগস্টের পরে এখানে কোনও কাজ হয়নি। তারেক রহমান আশস্ত করেছেন— বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হিসেবে হলগুলো উদ্ধারে কাজ করবেন। এছাড়া ঢাকা ৭ আসনের এমপি ও জবি উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুতসময়ের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে গাইডলাইন দিতে পারবো।” এই কর্মসূচির সঙ্গে সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের অংশগ্রহণও কামনা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, রাসেল মিয়া, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়ালসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।